খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি, তেল সরবরাহ বন্ধ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি, তেল সরবরাহ বন্ধ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মত ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয় সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

এর আগে রোববার দুপুরে আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে এতক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।