খুলনায় জাতীয় পার্টির মধুসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জাতীয় পার্টির মধুসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন। রোববার যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ঋণ খেলাপি হওয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, রোববার খুলনার ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এই ৩টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের বাতিল, ৩ জনের অপেক্ষমান এবং ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার খুলনা-১, ২ ও ৩ নং আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা, আতিকুর রহমান, রেজভী আলম, এইচ এম রওশন জামির ও মোত্তজা রশিদী দারা, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।

খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল‌, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীর, বাংলাদেশ কংগ্রেসের মিজা গোলাম আযম, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।