খুলনায় কেএফসি-বাটাতে ভাঙচুর দুই হাজার ৯শ জনের বিরুদ্ধে তিন মামলা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কেএফসি-বাটাতে ভাঙচুর দুই হাজার ৯শ জনের বিরুদ্ধে তিন মামলা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৯, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় কেএফসি, বাটা, ডমিনো’স-তে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিনটি মামলায় অন্তত ২৯শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় মামলা তিনটি দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

আজ বুধবার (৯ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শোরুম ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১২/১৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া কেএফসি’র ম্যানেজার সুজন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭/৮শ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। অনুরূপভাবে ডোমিনোজ পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭/৮শ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে হামলা ও লুটপাট করা হয়। বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়।

এ ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।