খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করে র্যাব-৬। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর কোম্পানি খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের কথা বলে টাকা হাতিয়ে নেয় এবং সেই সাথে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকের সাথে যোগসাজসের মাধ্যমে সাধারণ রোগীদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রোগীরা কোন ভালো মানের চিকিৎসা পায় না বরং বিপুল পরিমাণ অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করে আসছিল।
এ সূত্র ধরে গতকাল বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬। গ্রেফতার হওয়া দালাল চক্রের সদস্যরা হলো লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীল (২৮), মোঃ শিফাজুর রহমান (২৮), রিয়াজুল ইসলাম (৩০), ফিরোজ হোসেন (২৭), ফারুক হোসেন (৩৩), ওসমান শেখ (২৯), সিমা বেগম (৩০), আরাফাত আদ্রঙ্গী (২৮), গোলাম রহমান (৩১) এবং আব্দুলাহ আল মাহমুদ (২৭)। গ্রেফতারের পর আসামিরা বিষয়টি স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃত প্রত্যেককে এক হাজার করে অর্থদণ্ড এবং আসামি লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীলকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন রায়, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা উষা।
