ক্ষমতা গ্রহণের আগে দেশবাসীর উদ্দেশে ড. ইউনূসের বার্তা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা গ্রহণের আগে দেশবাসীর উদ্দেশে ড. ইউনূসের বার্তা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৭, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেই সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে। তিনি দেশের বাইরে আছেন, আগামীকাল দুপুরে দেশে ফিরছেন। এর আগে দেশবাসীর উদ্দেশে একটি বার্তা একটি বক্তব্য গণমাধ্যমে পাঠিয়েছেন নতুন সরকারের প্রস্তাবিত প্রধান। তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) দুপুরে ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।’

তবে কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’

সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে ইউনূস বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।’

সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, ‘সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।’