কৃষকলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কৃষকলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
জুন ২২, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর বদলগাছীতে এক নারীর ছাগল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে সানাউল হক হিরো (৪০) নামে এক কৃষকলীগ নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২১ জুন) ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

অভিযুক্ত কৃষকলীগ নেতা সানাউল হক হিরো উপজেলা কৃষকলীগের সভাপতি। ভুক্তভোগী ওই নারীর নাম জাহেরা বেগম।

এর আগে গত শনিবার ঈদের দুই দিন আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হঠাৎপাড়া (মাস্টার পাড়া) এলাকায় এমন ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জাহেরা বেগমের সঙ্গে একই এলাকার ছামসুল আলমের ছেলে ছানাউল হোসেন হিরোর সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য ও পূর্ব বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত শনিবার (১৫ জুন) দুপুরে জাহেরা বেগমের ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) হিরোর বাড়ির গেটে গেলে তিনি ছাগলটি বাড়ির ভেতরে নিয়ে যান। এরপর ছাগলটি (খাসি) অনেক খোঁজাখুঁজি করে পায়নি ভুক্তভোগী ওই নারী। পরে বিভিন্নভাবে জানতে পারে ছাগলটি চুরি করে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন হিরো।

ভুক্তভোগী জাহেরা বেগমের অভিযোগ, পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আমি ছাগলের বিষয়ে জানতে চাইলে হিরো অকথ্য ভাষায় গালাগাল করে্ন এবং মারধরের হুমকি দেন। তাই আমি নিরুপায় হয়ে তাকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে ছাগল চুরির ঘটনায় হটাৎপাড়ার (মাস্টারপাড়া) স্থানীয়রা জানান, ঈদের দুই দিন আগে জাহেরার খাসি ছাগল চুরি হয়েছে সত্য। কে বা কারা ছাগল চুরি করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না। তবে হিরোর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন জাহেরা। তাই আজকে এখানে পুলিশ আসছিল।

এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হক হিরো বলেন, আমি শুনেছি পাশের বাড়ির জাহেরা নামে এক মহিলা আমার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ দিয়েছে। সবাই তদন্ত করে দেখুক আমার এবং আমার পরিবারের কারও নামে এ ধরনের কোনো রেকর্ড আছে কিনা।

বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গত শুক্রবার ছাগল চুরির ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। তাদের মধ্যে পারিবারিক গন্ডগোল আছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।