কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাহাত ইসলাম পলাশ (৩০) ও মো. ফাহিম অনিক (২৩) নামের দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন। অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়ে তানভীর গণি (২৩) নামের আরও ১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গেল রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুরগেট থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মো. ফাহিম অনিক নামের আরও একজন মারা যায়। অপর আহত তানভীর গণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেলের ধাক্কায় ফরিদুল ইসলাম নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়। গত রাত ৮টার দিকে খোকসার বিজলানি বাজারে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যানচালক ফরিদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফরিদুলের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।