কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় ৪ জন রিমান্ডে - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় ৪ জন রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় চারজনকে আদালতে উঠানো হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রুহুল আমিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন: মুরাদনগর উপজেলার ওই গ্রামের ওই গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

এর আগে, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ফজর আলী নামে ওই যুবককে বেদম মারধর করে।

শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেফতার করে পুলিশ।

এ দিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।