কলারোয়ায় ডাম্পার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে কলেজ শিক্ষক নিহত - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় ডাম্পার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে কলেজ শিক্ষক নিহত

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৮, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়ায় ইটভাটার মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম (৫৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার দমদম এলাকায় এনবি ব্রিকসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক মফিজুল ইসলাম কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে। তিনি কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সরকারি অধ্যাপক মফিজুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেল যোগে কলারোয়ার মাদরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দমদম এলাকায় এনবি ব্রিকসের সামনে পৌঁছালে ভাটার মাটি বহনকারী একটি ডাম্পার ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ডাম্পার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

NA 3