বাগেরহাটের কচুয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবদল কর্মী জাহিদুল ইসলাম মিন্টু (৪০) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা গেছেন।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে নিজ বাড়িতেই এই হামলার ঘটনা ঘটে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহিদুল ইসলাম মিন্টুর বাড়ি কচুয়া উপজেলার শিবপুর গ্রামে। তিনি মৃত এস এম আবু বকরের ছেলে। জাহিদুল কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি মো. শামীম আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহত মিন্টুর ওপর হামলার কারণ জানতে পুলিশ মাঠে কাজ করছে।”
