জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর এবার সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমানে দেশের ১২ সিটি করপোরেশনে ১২ জন মেয়র রয়েছেন।
বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা।
সিলেট সিটি করপোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনে ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনে আরফানুল হক রিফাত, গাজীপুর সিটি করপোরেশনে জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
এর আগে রোববার (১৮ আগস্ট) ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।
মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ৪৯৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া ৭টি পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
গত ১৬ আগস্ট ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরদিন ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।
এই অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
