একনেকে ২৪ হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ২৪ হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৭, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ২৪ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর) একনেক সভাশেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

একনেকে অনুমোদিত চারটি প্রকল্পগুলো: সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (২য় সংশোধিত); রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি); কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল-কাম-রোড সেতু নির্মাণ এবং মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (২য় সংশোধিত)।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় ২৪ হাজার ৪১২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা। আর বিদেশি ঋণ ও অনুদান ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৬৫৩ কোটি ৯৫ লাখ টাকা।

একনেকে প্রকল্পগুলো সময় বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে। তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, প্রকল্প ধীরগতিতে এগুলে অর্থ প্রবাহ বাড়বে না। অর্থ প্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে, নতুন কিছু প্রকল্প হাতে নিতে হবে।

উপদেষ্টা আরও বলেন বলেন, সারাদেশে সরকারি গাড়ির হিসাব করা হবে। সরকারি গাড়ির উপযোগিতা ও জীবনকাল কম হয় কেন, তা খতিয়ে দেখা হবে।

ঢাকার বাইরে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, একনেকে প্রকল্প পাস হয়েছে, পরে বিস্তারিত আলাপ-আলোচনা করে পরিকল্পনা হাতে নেয়া হবে। নীতিমালা করে দেয়া হবে যেন কোনো সরকার ইচ্ছামতো পরিবর্তন করতে না পারে।