উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা আসিফ নজরুলের - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা আসিফ নজরুলের

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

আইন ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, কিছু মানুষ উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা তাদের নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায় করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, “আমি সরকারে আসার আগে এবং পরে অনেকেই আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি, কিছু ব্যক্তি এসব ছবি দেখিয়ে চাঁদাবাজি করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, যারা এ ধরনের কাজ করছেন তাদের পুলিশে ধরিয়ে দেয়ার নির্দেশ দেন। আসিফ বলেন, “কেউ যদি আমার নাম ব্যবহার করে চাঁদা বা অবৈধ সুবিধা আদায় করতে চেষ্টা করে, তাহলে অবশ্যই তাকে পুলিশে ধরিয়ে দিন। মামলা করুন এবং মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠান। আমি অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেব।”

এছাড়া, তিনি স্পষ্ট করেন যে, সরকারের কোনো উপদেষ্টা অবৈধ কর্মকাণ্ডের প্রশ্রয় দেবে না। আসিফ বলেন, “এসব কাজ যারা করছেন তাদের আমি কঠোর সতর্কবার্তা দিচ্ছি। বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যায় করবেন না এবং আমাদের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা আদায় করবেন না।”

তিনি জানান, এমন কোনো বিষয়ে জানালে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।