ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটিকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।
তিনি বলেন, ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। চাঁদাবাজি যেই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
