ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে থাকবেন যারা - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে থাকবেন যারা

জনবার্তা প্রতিবেদন
মে ৭, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই ছুটির সময় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

তবে সরকারি কাজের সুবিধার্থে ঈদের আগের দুইটি শনিবার, অর্থাৎ ১৭ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে। এই দিনগুলোতে একইভাবে সব সরকারি ও বেসরকারি দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতায় পড়বে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক ও বন্দর সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। এসব খাতে কর্মরত ব্যক্তিরা ছুটির বাইরে থাকবেন।

হাসপাতাল ও চিকিৎসা সেবা–সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহন এই ছুটির আওতায় থাকবে না।

এছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।