ইতিহাসের সর্বোচ্চ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়ল জাহাজ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসের সর্বোচ্চ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়ল জাহাজ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

বন্দর সৃষ্টির পর এই প্রথমবারের মতো সর্বোচ্চ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী এম ভি মানা নামক একটি বাণিজ্যিক জাহাজ। গেল রোববার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে ৬৯ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি নোঙর করে। তবে বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে। বন্দর সৃষ্টির ৭২ বছরে আমদানি পণ্যের এত বড় চালান নিয়ে এর আগে কোনো জাহাজ মোংলা বন্দরে ভেড়েনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের আউটবারে (বহির্নোঙর) ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে থাকা ৬০ হাজার ৫০০ মেট্রিক টন থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হবে ফেয়ারওয়ে এলাকায়। এরপর বাকি ২৯ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করে। দু-একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজটি।

বন্দরের ওই কর্মকর্তা আরও বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীশাসনের ফলে গভীর ড্রাফটের যেকোনো জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এ ছাড়াও যেকোনো পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।

মোংলা বন্দরে প্রথমবার বড় কয়লার চালান নিয়ে আসা ‘এম ভি মানা’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইনসের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এই জ্বালানি কয়লা ছোট লাইটার জাহাজের মাধ্যমে খালাস করে খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।