আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

এর আগে, রোববার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা সারারাত ইজতেমা মাঠে অবস্থান করেছেন এবং শেষ মুহূর্তের আমল ও মোনাজাতে শামিল হয়েছেন।

ময়মনসিংহ থেকে আসা মুসল্লি আব্দুল করিম বলেন, আমি প্রতিবছর বিশ্ব ইজতেমায় আসার চেষ্টা করি। এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলে মনটা শান্তি পায়। আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।

নারায়ণগঞ্জের মুসল্লি মাহমুদুল হাসান বলেন, বিশ্ব ইজতেমা আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। এখানে এসে দোয়া করলে মনে হয় আল্লাহ আমাদের কবুল করছেন। আমরা দোয়া করেছি যেন আমাদের দেশ-জাতি শান্তিতে থাকে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।