অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্যসহ (এমপি) আরও ১০০ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।

আজ সোমবার সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রোববার রাতে পুলিশ এই অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের ৮টি থানায় ৭৯ জন এবং জেলা পুলিশের ৫টি থানায় ২১ জন গ্রেপ্তার রয়েছে।

এর আগে, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি-এসবি) মো. আলমগীর হোসেন জানান, জিএমপির ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আলমগীর হোসেন আরও জানান, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে জিএমপির মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। গত দুই দিনে জিএমপির অভিযানে গাজীপুর মহানগর এলাকা থেকে মোট গ্রেপ্তার ১২০ জনকে গ্রেপ্তার করা হলো।

অপর দিকে, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গতকাল দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন সাবেক এমপিসহ ২১ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালীগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে গত দুই দিনে জেলা পুলিশ মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে।