চলতি বছরের গেল মাসে সারাদেশে ১ হাজার ৪৭৫টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সারাদেশে ২৭ জন আহত ও ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছ, গেল অক্টোবর মাসে ঢাকায় দিনে ৫ এর অধিক অগ্নিকাণ্ডের ঘটছে এবং মিরপুর এলাকায় বেশি ঘটছে।
অক্টোবর মাসে সারাদেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা বিভাগে ৫০১টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি ও রংপুর বিভাগে ১৯৩টি অগ্নিকাণ্ড ঘটে।
মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসে অগ্নিকাণ্ড কমেছে। গত মাসে সারাদেশে ১ হাজার ৫৫৭টি আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুনের ঘটনায় ১৫ জন আহত ও ৩ জন নিহত হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীর মিরপুর (২২টি) সর্বোচ্চ আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া মোহাম্মদপুরে ১৩টি, ডেমরাতে ৯টি, তেজগাঁও ১২টি, বারিধারায় ৯টি, উত্তরায় ১০টি, পোস্তাগোলায় ১০টি, এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে।
আরও জানানো হয়, অক্টোবর মাসে সারাদেশে ৮৪৬টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩০ জন আহত ও ১৬৭ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৯০টি। এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ৩৯টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ১৩টি, লিফট দুর্ঘটনা ২১টি, বজ্রপাত ৩টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৫৮টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ৩৮ জন নিহত হন।
শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৪৪টি বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৭ জন আহত হয়। এছাড়া ঢাকা বিভাগে ১৯৩টি, ময়মনসিংহ বিভাগে ৪৭টি, চট্টগ্রাম বিভাগে ১২০টি, রাজশাহী বিভাগে ২২২টি, খুলনা বিভাগে ৯৬টি, সিলেট বিভাগে ৩৫টি, বরিশাল বিভাগে ৪০টি ও রংপুর বিভাগে ৯৩টি দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, অক্টোবর মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৮১৭টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ১১৩৯টি কলের মাধ্যমে ১ হাজার ১৬৪ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়।
