১৯৪৭ থেকে আজ পর্যন্ত জামায়াতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চেয়েছি : টকশোতে ডা. শফিকুর রহমান - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৯৪৭ থেকে আজ পর্যন্ত জামায়াতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চেয়েছি : টকশোতে ডা. শফিকুর রহমান

জনবার্তা প্রতিবেদন
জুন ২৫, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।

তিনি বলেন, ব্যক্তি হিসেবে যেমন মানুষ ভুল করতে পারে, তেমনি মানুষের সমষ্টি- একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক- সেটা ইতিহাস নির্ধারণ করবে।

‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামে একটি টকশো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির।

অনুষ্ঠানে উপস্থাপক খালেদ মুহিউদ্দিন প্রশ্ন করেন, যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন, ‘জামায়াতে ইসলামীর মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই।’ এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়কাল অন্তর্ভুক্ত কি না।

উত্তরে জামায়াত আমির বলেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের সবার কাছেই আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।

তিনি বলেন, আমরা আদর্শবাদী একটি দল। আমরা বিশ্বাস করি, আমরা মানুষ- ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। সবকিছুর জন্য আমি কোনো শর্ত ছাড়াই ক্ষমা চেয়েছি।

মাফ চাওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, কোনো লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ ও দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।