ভূমিকম্পে কেঁপে উঠলো ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়া - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কেঁপে উঠলো ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আকস্মিক বন্যা ও ধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটি থেকে মাত্র ১৪ কিলোমিটার গভীরে, ফলে আশপাশের এলাকায় অনেকেই এর তীব্রতা অনুভব করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্পের মাত্রা ৬.২ হিসেবে রেকর্ড করেছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড)ও একই মাত্রা ৬.২ জানালেও প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা ৬.৩ ছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ভূমিকম্পের ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা কম। তবে, কিছু স্থানে ছোটখাটো ক্ষয়ক্ষতি হতে পারে, যেমন জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়া।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমেটোলজি এবং জিওফিজিক্স এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ভূগর্ভের ১৪ কিমি নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্পের জেরে আন্দামানেও সতর্কতা জারি করা হয়েছে। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এ দিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অর্থাৎ আগ্নেয়গিরির জন্য বিখ্যাত অঞ্চলের কাছেই অবস্থিত ইন্দোনোশিয়া। ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত এটি। যদিও এ দিনের ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে বুধবার ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে সেখানে চলছে ব্যাপক তাণ্ডব। একাধিক এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের খবর পাওয়া গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শুক্রবার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, একে বলা হচ্ছিল গত কয়েক বছরে সবচেয়ে শক্তিশালী। ঢাকা শহরসহ অন্যান্য এলাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল এবং সেই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় চলে আসেন।

বাংলাদেশের নরসিংদী থেকে উৎপন্ন ওই ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু এবং ৫ শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়। বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসার সময় শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।