ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি সড়ক থেকে নদীতে ছিটকে পড়ে একটি গাড়ি। এতে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৯ সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আটজন সৈনিক বলে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সেনা ছিলেন। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে লাদাখ পুলিশ জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সৈন্যরা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন।
লেহ এর পুলিশ সুপার পিডি নিত্য পিটিআইকে জানান, সড়ক থেকে ছিটকে নিচে পড়া ট্রাকের বেঁচে যাওয়া একমাত্র সৈনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
লেহ এর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেন পিএস সিধুর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সেনাসদস্যদের ওই কনভয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকসহ পাঁচটি বাহন ছিল। সেগুলোতে করে তিনজন কর্মকর্তাসহ ৩৯ জন সেনাসদস্য কারু ঘাঁটি থেকে লেহ এর কাছের কিয়ারিতে যাচ্ছিলেন। এরমধ্যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে যাতে ১০ জন ছিলেন।
