যুদ্ধবিরতির আগমুহূর্তের হামলায় ইসরায়েলে নিহত ৪ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতির আগমুহূর্তের হামলায় ইসরায়েলে নিহত ৪

জনবার্তা প্রতিবেদন
জুন ২৪, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে চারজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাতে বিবিসি এ তথ্য জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর আগমুহূর্তে ওই হামলা হয়।

সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের কারণে ঘরবাড়ি ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হামলার পর দক্ষিণাঞ্চলে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

টানা ১২ দিনের সংঘাতের পর ট্রাম্প ইরান ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিক চুক্তির কথা স্বীকার করেননি।

সোমবার (২৩ জুন) ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি আনুমানিক ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে।

ছয় ঘণ্টার এই সময়কাল ইসরায়েলে সকাল ৭টায় এবং তেহরানে সকাল ৭টা ৩০মিনিটে শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্ট করে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।

ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৪টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল ১২ ঘণ্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (গ্রিনিচ মান ১৬টা) যুদ্ধবিরতি শুরু করবে।

ইসরায়েলকে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে। যার ফলে ২৪ ঘণ্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে।