‘যাবজ্জীবন দিলেই পারতেন, দেশটা জাহান্নাম বানিয়ে ফেলছেন’ : আদিলুর-এলান প্রসঙ্গে হাইকোর্ট - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘যাবজ্জীবন দিলেই পারতেন, দেশটা জাহান্নাম বানিয়ে ফেলছেন’ : আদিলুর-এলান প্রসঙ্গে হাইকোর্ট

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাজাপ্রাপ্ত অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেছেন, যাবজ্জীবন দিলেই পারতেন, দেশটা জাহান্নাম বানিয়ে ফেলছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির সময় এমন মন্তব্য করেন।

এদিন আদালতে জামিনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি জামিন চাওয়া হয়।

গত ১৪ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন।

২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামি অধিকারের সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক নাসির।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়।

সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।