মিলে গেলেন পরীমণি-রাজ! - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিলে গেলেন পরীমণি-রাজ!

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৭, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, পরীমণি ও রাজের সম্পর্কর তরী ডুবে গেছে। এ তরী আর ভেসে ওঠার সম্ভাবনা নেই বলে একাধিকবার সিলমোহর দিয়েছিলেন পরীমণি নিজেই। এবার দেখা গেল ভিন্ন চিত্র। আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক ছবিতে ঘনিষ্ঠভাবে দেখা গেছে রাজ-পরীকে।

সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক তাপস নিজের ফেসবুকে রাজ-পরীমণি-রাজ্যের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় রাজ্য বাবার জন্মদিন উদযাপন।’ ছবিতে ছেলেকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেছে রাজ-পরীকে। সঙ্গে ছিলেন তাপস এবং তার স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী। ওই ছবিগুলোর একটিতে দেখা গেছে রাজের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরেছেন পরীমণি। রাজও দুহাতে নিজের বাহুতে বেঁধেছেন স্ত্রীকে।

এ ছবি দেখে ধারনা করা হচ্ছে সম্পর্কের বরফ গলেছে এ তারকা দম্পতির। তাপস কর্তৃক আয়োজিত ছেলের জন্মদিনের অনুষ্ঠানে মিলিত হয়ে মানসিকভাবেও এক হয়েছেন তারা। তবে কি গান বাংলা পরিবারের উদ্যোগেই তাদের মিল হয়েছে? সে সম্পর্কে ওই পোস্টে কিছু জানাননি তাপস।

এদিকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারেও পরীমণিকে নিয়ে কথা বলেছেন রাজ। সেখানেও পাওয়া গেছে স্ত্রী পরীর সঙ্গে মিলে যাওয়ার ইঙ্গিত। এর আগে রাজ সম্পর্কে পরীমণি বলেছিলেন, ‘এখন আমার সঙ্গে রাজের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তার ছেলের সঙ্গে।’

বিষয়টি নাকচ করে দিয়ে রাজ বলেন, ‘মানে কী, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে। সত্যি কথা কী, পরী সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করে, করছে, এ বিষয়টি আমার ভালো লাগে।’

তিনি আরও বলেন, ‘পরীর জীবনে সুন্দর একটি উপহার, আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি, এটি আমার জন্য আনন্দের, গর্বের।’

এর আগেও ফাটল ধরছিল রাজ-পরীর সম্পর্কে। সেবারও দুজনের দুটি পথ দুইদিকে বেঁকে গেছে বলে সামাজিক মাধ্যম গরম করেছিলেন তারা। কিন্তু দিনশেষে ফিরেছেন এক ছাদের নিচে। ধারনা করা হচ্ছে, অনেক নাটকের পর এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে চলেছে।