মাহিয়া মাহিকে আ'লীগের উপকমিটিতে নিতে ওবায়দুল কাদেরের নির্দেশ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাহিয়া মাহিকে আ’লীগের উপকমিটিতে নিতে ওবায়দুল কাদেরের নির্দেশ

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে সদস্য করতে দলের দপ্তর সম্পাদককে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন মাহিয়া মাহি। তখন রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নির্দেশনা দেন।

আওয়ামী লীগের একাধিক নেতা সমকালকে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন। তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, ‘সামনে উপকমিটি হবে, তাকে যে কোনো উপকমিটিতে রেখে দিও।’

ওই সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের।

চিত্রনায়িকা মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‘আমাকে সংগঠনের জন্য কাজ করতে বলা হয়েছে।’ কোন উপকমিটির সদস্য হচ্ছেন, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।