মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আহত ২ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, আহত ২

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৯, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় ভবন ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত এবং চারজন নিখোঁজ হন।

দেশটির পুলিশ জানিয়েছে, ‘গতকাল রাতে বাতু মং-এ মালয়েশিয়ার ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটি (এলকেআইএম) এর কাছে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়লে তিনজন মারা গেছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছে।’

রাজ্যের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেছেন, তিনজনের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে মারা যান।

তিনি জানান, আহত দুজনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ জানান, গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে আমরা একটি ফোন পাই। আমাদেরকে একটি নির্মাণাধীন গুদামে দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ঘটনাস্থলে ১৮ জন নির্মাণ শ্রমিক ছিল। তবে তাদের মধ্যে ৯জন নামাজ পড়তে গিয়েছিল।

তিনি বলেন, ঘটনাস্থলে থাকা ওই ৯ নির্মাণ শ্রমিকরা ১২ মিটার লোহার বিমের নিচে কাজ করছিল। ওই বিমটির ওজন প্রায় ১৪ টন। এটা প্রায় ২০ মিটার উচ্চতা থেকে ভেঙে পড়ে এবং প্রায় ১৪টি বিমের সঙ্গে নীচে ছিটকে পড়ে। সব কয়টি লোহার বিম শ্রমিকদের ওপর পড়ে এবং তারা সেখানে আটকা পড়েন।

দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ জানান, ‘আপাতত আমরা তিনজনকে শনাক্ত করেছি যারা মারা গেছেন। তাদের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা যান এবং একজন হাসপাতালে মারা যান। এছাড়া আরও দু’জন শ্রমিক গুরুতর আহত হন। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আজ সকালে ঘটনাস্থলে সংবাদকর্মীদের বলেন, আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া আরও চার ভুক্তভোগী শ্রমিককে খুঁজছি।

মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেন, নিহতদের খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে। ওই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের ক্রেনের সাহায্যে প্রথমে সমস্ত লোহার বিমগুলো সরিয়ে ফেলতে হবে।

স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধার বিষয়ক বিভাগের উপপরিচালক জুলফাহমি সুতাজি বলেন, সেখানে সকাল পর্যন্ত অনুসন্ধান অভিযান চলবে।
সূত্র : নিউ স্ট্রেইট টাইমস