দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশিরভাগ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছে জাকের পার্টি।
এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসনে মনোনয়ন জমা দেয় এই দলটি।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেন, ‘জাকের পার্টি সারা দেশে ২৩৩টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। তবে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বেশিরভাগ আসন থেকে দলীয় প্রার্থী সরে দাঁড়াবে। তবে কয়েকটা আসনে জাকের পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবেন।’
তিনি বলেন, ‘আমরা চাই আমাদের যেসব আসনে প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন, তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা ভালো ফল অর্জন করতে।’
নির্বাচনে থাকা না থাকার বিষয়ে জাকের পার্টির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনে আছি এবং সুন্দরভাবে নির্বাচনে থাকব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকাল ৪টার মধ্যে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন। তবে পরে আপিলে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন।
