বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ চেয়ে ইসিতে যুবলীগের চিঠি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ চেয়ে ইসিতে যুবলীগের চিঠি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে এ স্বারকলিপি জমা দেন।

স্মারকলিপি জমা দিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরিরা তারেক রহমান ও তাঁর মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত হচ্ছে বাংলাদেশে হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।

মাইনুল হোসেন খান বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারো সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছে সেটা কার্যকর করা। বিএনপির রাজনীতি যত দিন থাকবে তত দিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। তত দিনই তারা হত্যা, পেট্রল বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে এই সংগঠনের বিচরণ বেশি দিন বাংলার মাটিতে থাকা উচিত নয়। তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি। সেই সঙ্গে বিএনপির রাজনীতি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।

সিইসি বরাবর লিখিত স্মারকলিপিতে তারেক রহমানের সঙ্গে জোবায়দা রহমানের রায় কার্যকর করারও দাবি জানানো হয়।