বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৫, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে গণমিছিল, পদযাত্রা, দোয়া মাহফিল ও লিফলেট বিতরণের কর্মসূচি রয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ১৮ আগস্ট শুক্রবার দেশের সব মহানগরে গণমিছিল করবে বিএনপি।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১৬ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী।

পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে ১৭ আগস্ট লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এর আগে গত ১১ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক গণমিছিল কর্মসূচি পালন করে। সেদিন গণমিছিল পরবর্তী সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এক দুই দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।