রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নুরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুল জারিসহ এই আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টনসহ পৃথক চারটি থানায় দলটির দুই হাজার ৯৭৫ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে খোকন-মিলনসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। বিচারিক আদালতে জামিন নাকচ হলে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
