সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার (২ জানুয়ারি), বুধবার (৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।
এর আগে, সোমবার (১ জানুয়ারি) দুপুরে একই রকম কর্মসূচির ঘোষণা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
এদিন এক বিবৃতিতে এলডিপি জানায়, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।
এ সময় দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। সকলের সঙ্গে বসুন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করুন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই খেলা বন্ধ করুন। দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন, দেশকে রক্তারক্তির হাত থেকে রক্ষা করুন।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। কারণ অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে, আপনি কিংবা আপনার সরকারের পক্ষে এই অর্থনীতিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। আপনার এবং আপনার দলের ওপর জনগণের কোনো আস্থা নেই।
