‘বিএনপি লাঠিসোঁটা নিয়ে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আঙুল চুষবে’ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি লাঠিসোঁটা নিয়ে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আঙুল চুষবে’

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর যদি বিএনপি আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কি আঙুল চুষবে? বিদেশে অর্থপাচারকারী, আগুন সন্ত্রাসী, খুনি চক্রের বিরুদ্ধে খেলা হবে। তারেক রহমান থেকে দূরে থাকতে হবে, এবার নির্বাচনে খেলা হবে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন, তাই ১১ ডিসেম্বর সরকারের পতন ঘটবে। কীভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দিয়ে সরকারের পতন ঘটায়, তা দেখা যাবে।’

সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাবু অসিম কুমার উকিল, শফিউল আলম চৌধুরী নাদেল, মারুফা আক্তার পপিসহ শীর্ষ নেতারা।

সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট বাকি বিল্লাহ ও বাবু বিজন কুমার চন্দ্রকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।