বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৪, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এএম জুলফিকার হায়েত এ মামলা ‘আমলে’ নেওয়ার মতো আইনি ভিত্তি নেই বলে তা খারিজের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

আদেশে বলা হয়েছে, ‘ভুক্তভোগী’ এই মামলায় অভিযোগকারী হিসেবে দাঁড়াননি, বা তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ও ছিলেন না।

এতে আরও বলা হয়, এর পরিবর্তে মামলাটি ‘ভুক্তভোগী’র দূরের সম্পর্কে একজন দায়ের করেছিলেন। তার এই মামলা দায়ে করার এখতিয়ার নেই।

বিচারক তার আদেশে বলেন, যে ব্যক্তি মামলাটি দায়ের করেন তিনি মিজানুর রহমান মিনুর এই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পাননি। তাই মামলাটি বাতিল করা হলো।

এর আগে, রোববার (২৩ জুলাই) রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপের কর্মকর্তা পারভেজ হোসেন বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুলাই রাত একটায় ও পরদিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করতো তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’

মিনুর এমন মন্তব্যের কারণে বাগমারা আওয়ামী লীগ সভাপতি এমপি এনামুল হকের মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।