ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সম্মেলন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সেই রাজনৈতিক দল, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন। কিন্তু আজ দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এগুলোকে পুনর্গঠন এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য বিএনপি নতুন করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।
মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সম্মেলন। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। সাতবছর আটমাস পর দলীয় সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার আট’শ আটজন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় নেতা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
