ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন চার জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮২ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২শ ৪৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ ৪ জন।
শনিবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী ও দুই পুরুষ মারা গেছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিরা হলেন রাজবাড়ির বালিযাকান্দির গোলাপী (৭০), রাজবাড়ির উড়াকান্দার হাবিবুর (৫০), মাগুরার চাদপুরের রুপা (২২), ফরিদপুরের নগরকান্দার রাজ্জাক মোল্লা (৭০)।
ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ২শ ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৪৩জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ ৪ জন।
সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ২শ ১৮ জন। এর মধ্যে ১৫ হাজার ৪শ ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
