প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ জাতীয় পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ জাতীয় পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগানকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

২৪ দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করে চুন্নু বলেন, ‘আগামী দিনের সরকার পরিচালনায় জাতীয় পার্টির প্রথম অঙ্গীকার হচ্ছে-দেশে সবক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির ইশতেহার দেশের জন্য সৌভাগ্যের প্রতীক। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ের দেশ পরিচালনা এখনো বাংলাদেশের ইতিহাসের স্বর্ণোজ্জ্বল দিন।’

আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধশতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় পার্টি ২৪ দফা কর্মসূচি ঘোষণা করছে বলে জানান দলের মহাসচিব।

জাতীয় পার্টির ইশতেহারের ২৪ দফা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা পরিবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মস্থান, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতির সংশোধন, ইসলামি আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধ, সর্বোচ্চ ভর্তুকি কৃষকের কল্যাণে, খাদ্য নিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্র নীতিতে সকলের সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রানীতি ও রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং ব্যবস্থা চালু, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও অভিবাসন।

ইশতেহার ঘোষণা শেষে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা কোনো জোট বা মহাজোটে নেই। জাতীয় পার্টির মার্কা লাঙল, সেই মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচন করছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। আমরা আমাদের মার্কা নিয়ে নির্বাচন করছি, আসন কেন আওয়ামী লীগ ছাড়ছে, তা তাদেরকেই জিজ্ঞেস করা ভালো।’

চুন্নু বলেন, ‘আমরা আওয়ামী লীগকে কোনো ছাড় দেইনি। আমরা আওয়ামী লীগের থেকে বেশি আসনে নির্বাচন করছি। জনগণ যদি আমাদের সমর্থন দেয়, তাহলে আমরা সরকার গঠন করব।’