প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বললেন মঈন খান - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বললেন মঈন খান

জনবার্তা প্রতিবেদন
জুন ৬, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৬ জুন) বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অবশ্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি। মঈন খান ব্যক্তিগতভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

ড. আব্দুল মঈন খান বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। কাজেই এদেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এক কথায় বলতে গেলে, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার! এটা কল্পনার ফানুস- একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে-এক নিষ্ঠুর খেলামাত্র। ফলশ্রুতিতে দেশের ভবিষ্যৎ চিন্তায় এ বাজেট দেওয়া না দেওয়ার কোনো রকম সম্পর্ক তো নেই। বরং এই অলিগার্কিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী বছরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুন ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে এই বাজেট বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অংকে ৩৫ হাজার ২১৫ কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।