নৌকায় ভোট দিলে পিষে ফেলার নির্দেশ, আ.লীগের ১২ নেতাকে অব্যাহতি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌকায় ভোট দিলে পিষে ফেলার নির্দেশ, আ.লীগের ১২ নেতাকে অব্যাহতি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জের খানপুরে নৌকায় ভোট দিলে পিষে ফেলতে নির্দেশ দেওয়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দিয়েছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার রাত ৮টায় বেগমগঞ্জ বিসিকের গ্লোব শিল্প গোষ্ঠীর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেগমগঞ্জ আসনে নৌকার প্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মামুনুর রসিদ কিরণ।

তিনি সাংবাদিকদের জানান, ডা. এবিএম জাফর উল্লাহ দলের উপজেলা সভাপতি হয়ে নৌকার বিরুদ্ধে, নৌকার প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে দলের গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন এবং তিনি নৌকায় ভোট দিলে পিষে ফেলবে হুমকি দিয়ে তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন। তাই ডা. জাফর উল্লাহকে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে থেকে এবং আক্তার হোসেন ফয়সালকে চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া একলাসপুরের চেয়ারম্যান, কাদির পুরণের চেয়ারম্যানসহ আরো ১২ নেতাকর্মীকে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যাহতি দিয়ে জেলা আওয়ামী লীগের মাধ্যমে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডা. এবিএম জাফর উল্লাহ বলেন, আমি সভাপতি হয়েও জানিনা কে মিটিং করল, কখন করল, কাকে অব্যাহতি দিল?

তিনি বলেন, আমরা নৌকার বিরুদ্ধে নয়, আমরা নৌকার মাঝির বিরুদ্ধে কথা বলেছি। তার অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে, মসজিদের টাকা, হকার্স মার্কেটের টাকা আত্মসাতের বিরুদ্ধে কথা বলেছি।