নৌকাডুবির ভয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না আ.লীগ: মঈন খান - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌকাডুবির ভয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না আ.লীগ: মঈন খান

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৩, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নৌকাডুবির ভয়ে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ছুতো খুঁজছে এমন মন্তব্য করে মঈন খান বলেন, মানুষের অধিকার বাস্তবায়নে আন্দোলন চলবে। জনগণের জন্য রাস্তায় আছেন তারা।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে মন্তব্য করে মঈন খান বলেন, ভুল পথে হেঁটে সরকার মানুষকে ধোকা দিতে পারবে না। মানুষ নীরব প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

বিএনপি হতাশ নয় জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে।

এ সময় এস এম জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। জেল কর্মকর্তারা বিএনপি না ছাড়লে নির্যাতনের হুমকি দিয়েছেন। কিন্তু আমাদের মনোবল অঁটুট রয়েছে।