নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে

জনবার্তা প্রতিবেদন
জুন ৬, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার (৮ জুন) তার শপথ নেওয়ার কথা ছিল। তবে এই শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে মোদি পরদিন রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যার মাধ্যমে মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রোববার যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কীর্তি গড়বেন।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তারা মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা শেষে দেখা যায় মোদির বিজেপি এবারের নির্বাচনে ২৪০টি আসনে জয় পেয়েছে। যেখানে ২০১৯ সালে তারা একাই ৩০৩টি আসন পেয়েছিল।

বিজেপি ২৪০টি আসন পাওয়ার অর্থ হলো তারা লোকসভায় এবার আর সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মোদি এবার এনডিএ জোটের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি