নতুন নামে জামায়াত, নিবন্ধনের প্রস্তুতি - জনবার্তা
ঢাকা, , |

নতুন নামে জামায়াত, নিবন্ধনের প্রস্তুতি

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নতুন নামে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ বা ‘বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি’ নামে নিবন্ধন করতে চায় দলটি। সে হিসেবে জামায়াত নিবন্ধনের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে জানা গেছে।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনে নতুন নামে আবেদন করবে জামায়াত।

নতুন এ দলটির নেতৃত্বে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি হিসেবে সাবেক শিবির নেতা নিজামুল হক নাঈমের নাম শোনা যাচ্ছে।

তবে এ বিষয়ে সত্যতা স্বীকার করে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি নয় জামায়াতের নেতারা।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ বা ‘বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি’ নামে দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। এ জন্য অপেক্ষাকৃত কম পরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, নতুন নামে জামায়াত কোনও দল করছে না।

নতুন দলের প্রধান হিসেবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের নাম আসছে, এমন প্রশ্নে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তিনিই ভালো বলতে পারবেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। এর পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে ২০১৮ সালের ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।