দ্বিতীয় বাকশালীয় সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ : রিজভী - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বাকশালীয় সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ : রিজভী

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

‘জনগণের ভোট বর্জিত ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বাকশালীয় সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অদ্ভুত সরকারের এই সংসদের সব সদস্যই এক দলের। বিরোধী দল কারা হবে, তারা কে কী বলবে-করবে, স্বতন্ত্র লীগের ভূমিকা কি হবে সবকিছুই পুতুল খেলার মতো সুতার গোড়া ধরে রাখবেন একজন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, তথাকথিত দ্বাদশ সংসদ বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়, আওয়ামী লীগ আর মামুদের। নামে-বেনামে-ছদ্মনামে সবাই আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ এককভাবে লুটেছে ২২৩টি আসন। ৬২ জন স্বতন্ত্র ডামি এমপির ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। সেই হিসেবে, ২৯৯ জনের মধ্যে ২৮০ জনই মূলত আওয়ামী লীগ নেতা।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি শেখ হাসিনার আশীর্বাদের বিরোধী দল। এদেরও লালন পালন করেন শেখ হাসিনা। শেখ হাসিনা দয়া করে ১১ আসন ছেড়ে দিয়েছেন তাদের জন্য।

‘৭ জানুয়ারি তারেক রহমানের লিফলেট বনাম শেখ হাসিনার ডামি ব্যালটের লড়াই’ উল্লেখ করে রিজভী বলেন, দেশের ৯৫ ভাগেরও বেশি ভোটার শেখ হাসিনার কথিত ব্যালট বর্জন করে লিফলেট গ্রহণ করেছে। এটি গণতন্ত্রকামী জনগণের বিজয়।