‘দেশে বিশৃঙ্খলা হোক কেউ চায় না, সমঝোতা হয়ে যাবে’ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘দেশে বিশৃঙ্খলা হোক কেউ চায় না, সমঝোতা হয়ে যাবে’

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আগমী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের স্থান নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা হোক, কেউ চায় না। সমঝোতা হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘ, ঘন মেঘ ঘনীভূত হয়, আবার চট করে চলে যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি, আমার দল ও সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কোনো বিশৃঙ্খলা হোক বা অশান্তি হোক সেটা চাইবো না। আমরা কেন আতঙ্ক সৃষ্টি হোক সেটা চাইবো? দরকার তো নেই! এখন যদি আতঙ্ক সৃষ্টি বা উসকানি দেওয়া হয় বা আমাদের ওপর ঝাপিয়ে পড়লে আমরা কি চুপ করে বসে থাকবো?

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে নাকি সরকার আরামবাগে অনুমতি দেবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যেটাই হোক, একটা সমাধান হবে।

ভারতীয় হাইকমিশনারের সাথে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আজকে সৌজন্য সাক্ষাতে এসেছেন। তারপরও অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে রোড কানেক্টিভিটি, অনেকগুলো প্রকল্পের প্রোগ্রেজ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তিস্তা নিয়ে আমি নিজে থেকে বলেছি, আমাদের জনগণের চাওয়া।