দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: মির্জা ফখরুল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারী ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী, অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন—নিপীড়ণ শুরু করেছে। অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে, বিরোধী নেতা-কর্মীদের পর্যুদস্ত ও নাজেহাল করা হচ্ছে। আর এ ধরণের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে—দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে আরও বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ যেন ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। রাজিব আহসান এবং আব্দুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো, দখলদার আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মেরই অংশ।’