তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৫, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর এই তফসিল প্রত্যাখান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নতুন কর্মসূচির বিষয়ে আমি কিছু জানি না।

তবে, বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী একটি দলের শীর্ষ নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোন করে জানিয়েছেন— আগামীকাল বৃহস্পতিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি রয়েছে। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে সোম এবং মঙ্গলবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করবে।

তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তফসিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। এরপর ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয় পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।