ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন এই তফসিল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দীনকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোনয়নপত্র বিতরণের সময় আগামী ১২ আগস্ট। ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। আর আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের নির্বাচনে নেতৃত্বে এসেছিলেন- সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন।