ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অমৌসুমি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের জেরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া অসময়ের এই বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন রাজ্যটির মানুষ।
সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গুজরাটে অমৌসুমি বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় এই ২০ জন মারা যান।
স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাওয়া তথ্য অনুযায়ী রবিবার গুজরাটের ২৫২টি জেলার মধ্যে ২৩৪টিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ১৬ ঘন্টায় ৫০ থেকে ১১৭ মিমি পর্যন্ত।
তবে দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র জেলার কিছু অংশ বাদে অন্যান্য জেলায় সোমবার বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
গুজরাট রাজ্য প্রশাসন বলছে, রোববার রাজ্যের দাহোড় জেলায় তিন জন, ভারুচ জেলার তিন জন এবং তাপী জেলার দু’জন বজ্রপাতে মারা গেছেন। এছাড়া আহমেদাবাদ, আমরেলি, খেড়া, মেহসানার মতো আরও কিছু জেলায় মারা গেছেন বেশ কয়েক জন।
প্রাথমিক ভাবে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে অনেক লোকের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে নিয়োজিত, আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।“
