গাজায় ছড়িয়ে পড়তে পারে কলেরা: জাতিসংঘ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ছড়িয়ে পড়তে পারে কলেরা: জাতিসংঘ

জনবার্তা প্রতিবেদন
জুন ১০, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজায় সুপেয় পানির অভাবে ভয়াবহ আকারে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ লাজ্জারিনি রবিবার (৯ জুন) এই আশঙ্কার কথা জানান। খবর আরব নিউজ ও কাতার নিউজ এজেন্সির।

গাজার শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা চাইতে বর্তমানে তিনি বার্লিনে অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, গাজার বাসিন্দারা প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে আছেন।

কারণ, ইসরায়েল পানির পাইপলাইন বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সেনা অভিযানের ফলে গাড়িতে করে বাড়ি বাড়ি পানি পৌঁছানোও সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় বিশুদ্ধ পানির অভাবে নানা ধরণের রোগ-ব্যাধিতে ভোগছেন গাজার বাসিন্দারা।

ফিলিস্তিনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের জানুয়ারিতে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে গাজায় ভয়াবহ পরিবেশ দূষণ হচ্ছে।

বৃষ্টির পানি ধরে রাখার জন্য গাজা সিটির সবচেয়ে বড় শেখ রেদোয়ান পুকুরটিও এখন পয়ঃবর্জে দূষিত হয়ে গেছে। এক কথায় গাজায় এখন সুপেয় পানির খুবই অভাব। বাধ্য হয়ে এখানকার বাসিন্দারা এখন দূষিত পানি পান করছেন।

ফিলিপ লাজ্জারিনি আরো বলেন, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন দুর্ভক্ষ চলছে। ফিলিস্তিনিরা এখানে বড়ই অসহায়। দক্ষিণ গাজার অবস্থা সবচেয়ে খারাপ বলে জানান এ জাতিসংঘ কর্মকর্তা।

তিনি বলেন, গাজায় অন্তত ৬ লাখ স্কুল শিক্ষার্থী রয়েছে, পড়াশুনা তো দূরের কথা, তারা এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।