খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. সোহাগ পাটোয়ারী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে কুপিয়ে ফেলে রেখে যায়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সোহাগ পাটোয়ারী তিনি ওই এলাকার জনৈক মালেক পাটোয়ারীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগ পাটোয়ারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তিনি বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
ওসি মো. এনামুল হক বলেন, রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চা-পাতি ও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে ৪ জন উপস্থিত ছিলেন। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। বাকি ৩ জন তাকে চা-পাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তারা মৃত ব্যক্তির হাত ও পায়ের রগকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
